GuidePedia

ভুয়া বিজ্ঞাপন দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে তিনজনকে আটক করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর বিজয়নগর এলাকার ২৪/এ স্কাইল্যান্ড পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন ভুয়া চাকুরিদাতা প্রতিষ্ঠান গোল্ড স্টার এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মিরাজ হোসেন তুষার (২৭), জেনারেল ম্যানেজার শহিদুল আলম (২৮) ও কর্মকর্তা এবিএম সুবর্ণা (২১)।



মঙ্গলবার বিকেলে তাদের আটক করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে র‌্যাব-৩ এর একটি দল এ অভিযানে অংশ নেয়।



আনোয়ার পাশা জানান, এদের বিরুদ্ধে দেশের নামকরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এ অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



তিনি আরো জানান, আটককৃত প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা ও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 
 
Top