উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে করা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে সোমবার সারাদেশে আদালত বর্জন কর্মসূচি পালন করবেন আইনজীবীরা। শনিবার বিকেলে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ বার কাউন্সিলের মতবিনিময় সভা শেষে কাউন্সিলের সদস্য মাহবুব উদ্দিন খোকন এ কর্মসূচি ঘোষণা করেন। মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘রোববার প্রতিটি জেলা বারের উদ্যোগে সারাদেশের সব আদালতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ-সমাবেশ এবং সোমবার আদালত বর্জন কর্মসূচি পালন করা হবে। মতবিনিময় সভায় বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা অংশ নেন। বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহাবুব হোসেন অভিযোগ করেন, বর্তমান সরকার বিভিন্ন আইন পাস করায় বিচারকগণ সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের আওতায় চলে গেছেন। তিনি বলেন, ‘আইনজীবীগণ দেশে আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাসী। বিচার বিভাগ মানুষের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। যুগে যুগে আইনজীবীরা দেশে আইনের শাসন ও গণতন্ত্র রক্ষার জন্য বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।’দেশে আইনের শাসন ও গণতন্ত্র হুমকির মুখে, উল্লেখ করে তিনি আইনজীবীদের সব রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে এসব হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এ জে মোহাম্মদ আলী, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান মো. সানা উল্লাহ মিয়া, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান গোলাম মোস্তফা খান, ল রিফর্ম কমিটির চেয়ারম্যান এ কে এম হাফিজুর রহমান, হিউম্যান রাইটস কমিটির চেয়ারম্যান এ এম মাহবুব উদ্দিন খোকন, রিলিফ কমিটির চেয়ারম্যান মো. ইসহাক, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান মো. কাইমুল হক, কমপ্লেইন অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান মো. কবির চৌধুরীসহ বিভিন্ন জেলা থেকে আগত আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকরা বক্তব্য রাখেন।