GuidePedia

নওগাঁ সদর আসনের সাংসদ মো. আবদুল মালেক বলেছেন, বর্তমান সরকার প্রতিটি গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে বদ্ধপরিকর। বিদ্যুৎ কাজে লাগিয়ে ঘরে ঘরে কুটিরশিল্প তৈরি করে দেশকে সুখী, সমৃদ্ধিশালী, আত্মনির্ভরশীল করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।


তিনি বলেন, আগের সরকার মানুষকে ধোঁকা দিয়ে শুধু দিয়েছে বিদ্যুতের খাম্বা। আর শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। কয়েক শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে এবং গ্রামে গ্রামে মানুষের দোরগোড়ায় বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে।


রোববার সকাল ১০টায় সদর উপজেলার বিল ভবানীপুর গ্রামে ১.৪৩ কিলোমিটার দীর্ঘ প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে ১৫৮ পরিবারের মধ্যে বিদ্যুৎ সরবরাহ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন নওগাঁ পল্লী বিদ্যুতের এজিএম শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শাকিল আহমেদ বাদল, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জালাল হোসেন, দুবলহাটি ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান আজম, জেলা যুবলীগ নেতা আ. কুদ্দুস, হাসনা বেগম, সেকেন্দার আলী, আলাউদ্দীন প্রমুখ।


প্রধান অতিথি সুইচ টিপে বিদ্যুতের শুভ উদ্বোধন করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
 
Top