GuidePedia

স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমের প্রথম হ্যাটট্রিকটি করেছেন রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের চলতি মৌসুমে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। তার আগে চেলসির খেলোয়াড় দিয়েগো কস্তা হ্যাটট্রিক করেছেন প্রিমিয়ার লিগে।


শনিবার রাতে দিপোর্টিভো লা করুনিয়ার বিপক্ষে ২৯ মিনিটে রোনালদো তার প্রথম গোলের দেখা পান। আরবালোয়ার উঁচু শটে হেড দিয়ে দূর থেকে বল জালে জড়ান রোনালদো।


৪১ মিনিটে করিম বেনজেমা বল নিয়ে লা করুনিয়ার ডি বক্সের দিকে ধেয়ে যাচ্ছিলেন। কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে রুখে দেয়। বেনজেমা মাটিতে পড়ে গেলেও বলটি চলে যায় রোনালদোর পায়ে। ফাঁকা গোলপোস্টে দূর পাল্লার শট দিয়ে বল জালে জড়ান তিনি।


দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে হামেস রদ্রিগেজের বাড়ানো বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন বিশ্বসেরা এই ফুটবলার। ক্লাবের হয়ে এটি তার ২৩তম হ্যাটট্রিক। এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে লা লিগার চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতার আসনটিও দখল করে নিয়েছেন তিনি। ৫ গোল নিয়ে রোনালদোর অবস্থান এখন শীর্ষে।
৩ গোল নিয়ে গ্যারেথ বেলসহ আরো ৩ জন খেলোয়াড় রয়েছেন দ্বিতীয় স্থানে। ২ গোল নিয়ে মেসির অবস্থান নবম স্থানে।
 
Top