বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের আমন্ত্রণে বিদ্যালয়টি ঘুরে গেলেন জাপানের কিয়াটা শহরের বিখ্যাত স্কুল রিৎমুমেইকান উজি হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার সন্ধ্যায় জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার উজ্জল কুমার রায় এবং পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বিষয়টি জানান।
তারা জানান, পুলিশ লাইন্স স্কুলের আমন্ত্রণে জাপান থেকে আগত প্রতিনিধি দলের টিম লিডার ডা. তমোনরি কোতাবে ও শিক্ষক তাকানো মিস খুদে শিক্ষার্থী সাকুরা, তামাকি, আকিজুকি ও আতসুকে নিয়ে শনিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়টি পরিদর্শন করেছেন।
এসময় তারা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন শ্রেণিকক্ষ এবং খুদে শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্মগুলো ঘুরে দেখেন।
পরে প্রতিষ্ঠানের অডিটরিয়ামে দুই দেশের শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিদেশি অতিথিদের বাংলাদেশ লোক সংস্কৃতির বিভিন্ন উপকরণ উপহার দেওয়া হয়।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম , অনুষ্ঠানটি দুই দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে প্রতিনিধি দলের সঙ্গে আসা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান ছাড়াও বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জেসমিন আরা আখতার, ইয়াসমিন সুলতানাসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
