লা লিগায় নিজেদের চর্তুথ ম্যাচে লেভান্তেকে ৫-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এ নিয়ে টানা চার ম্যাচ জিতে লিগের শীর্ষস্থানে আছে লুইস এনরিকের শিষ্যরা। একটি পেনাল্টি মিস, একটি গোল ও দুটি গোল করিয়ে ম্যাচটি যেন নিজের করে নিলেন লিওনেল মেসি। রোববার রাতে লা লিগায় কুইটাল ডি ভ্যালেন্সিয়া স্টেডিয়ামে লেভান্তের মুখোমুখি হয় বার্সেলোনা। নেইমার তিন তিনটি সুযোগ হাত ছাড়ার পর চর্তুথ বারে গোল করতে সক্ষম হন। খেলার তখন ৩৪ মিনিট। মেসির বাড়ানো বল গোলরক্ষককে কাটিয়ে গোল করেন নেইমার। দুর্দান্ত বোঝাপড়া ছিলো দুজনের মধ্যে। প্রথমার্ধের শেষ দিকে মেসিকে অবৈধভাবে ফাউল করায় লৌকাস ভিন্ত্রাকে লাল কার্ড দেখান রেফারি। ফাউলটা ডি-বক্সে মধ্যে হওয়ায় পেলাল্টি পায় বার্সা। পেনিাল্টি শট নিতে এগিয়ে আসেন মেসি। কিন্তু তার নেওয়া শট গোলবারের পাশ দিয়ে চলে যায়। পেনাল্টি মিসের পরপরই বার্সার হয়ে লা লিগায় নিজের প্রথম গোল করেন ইভান রেকিটিস। এতে প্রখমার্ধের খেলা শেষ হয় ২-০ গোলের ব্যবধানে।দ্বিতীয়ার্ধের শুরুতেই নেইমারকে মাঠের বাইরে চলে যেতে হয়। তার পরিবর্তে মাঠে নামেন ১৯ বছর বয়সী স্যান্দ্রো র্যা মিরেজ। এদিকে রেকিটিস শুধু গোল করেননি, নিশ্চিত একটা গোল হজম থেকে বাঁচিয়েছেন তার দলকে। আবার মেসি চমক। খেলার তখন ৫৭ মিনিট। মেসি লেভান্তের দুই-তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়িয়ে দিলেন স্যান্দ্রাকে। তিনি গোল করতে একটুও সময় নেননি। বার্সাও এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। বার্সার হয়ে চর্তুথ গোলটি করেন পেদ্রো। তাকে বলটি বাড়িয়ে দেন আলবা। অবশেষে গোলের দেখা পান লিওনেল মেসি। খেলার ৭৭ মিনিটে দলের পঞ্চম গোলটি করেন তিনি। লেভান্তের গোলরক্ষক জেসুস ফার্নান্দেজের হাত থেকে আসা বল পেয়ে যান মেসি। ডি-বক্সের আশপাশে মেসির পায়ে বল মানে বিপদ, যা হবার তাই হলো। এবার আর ভুল করলেন না চারবারের ব্যালন ডি’অর জেতা এই ফুটবলার। তার গোলে বার্সাও এগিয়ে যায় ৫-০ ব্যবধানে। এরপর আর কোনো দলই গোল করতে পারেনি। ফলে খেলা শেষ হয় ৫-০ গোলের ব্যবধানে।
Source : Goal.com