চট্টগ্রামে শনিবার রাত থেকে প্রবল বর্ষণ অব্যাহত থাকায় নগরীর কয়েকটি এলাকায় পাহাড় ধসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধসের আশঙ্কা রয়েছে।চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সাগরে লঘুচাপ সক্রিয় থাকায় চট্টগ্রামে ভারি বর্ষণ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত আরো চার থেকে পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। ভারি বর্ষণ অব্যাহত থাকলে নগরীর কয়েকটি এলাকা পাহাড় বা ভূমি ধসের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিভাগে আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এ ছাড়া সেপ্টেম্বরে ১২ দিন বৃষ্টিপাত হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই ১৩ দিন বৃষ্টিপাত হয়েছে। আরো তিন থেকে চার দিন এ বিভাগে বৃষ্টিপাত হতে পারে। যে কারণে চট্টগ্রামেও ভূমি ধসের মতো বিপর্যয় দেখা দিতে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগে ১০৫ মিলিমিটার। রোববার সারাদিনে বৃষ্টিপাতের এই অনুপাত আরো বাড়বে বলে আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন।