সহিংসতার অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলা বিএনপি’র সহসভাপতি ও গজালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিকদার আজাহার আলীকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার গজালিয়ার গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গত ৬ মে উপজেলার আবু নাসের মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক খান মোহাম্মদ শহীদুল ইসলামের দায়ের করা কচুয়া থানার মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে।কচুয়া থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান মামলার এজাহারের বরাত দিয়ে জানান, ২০০১ সালের পহেলা অক্টোবরের নির্বাচনের পর তৎকালীন চারদলীয় ঐক্যজোট সরকারের আমলে বিএনপি নেতা সিকদার আজাহার আলী কচুয়া উপজেলা বিভিন্ন এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন। ওই সময় তিনি তার দলবল নিয়ে উপজেলার সম্মানকাঠি গ্রামে মহড়া দিলে তা দেখে ভয়ে কলেজের প্রভাষক খান মোহাম্মদ শহীদুল ইসলামের বাবা সুলতান আলী খান অসুস্থ হয়ে পড়েন। এর কিছুদিন পর তিনি মারা যান। এ ঘটনায় তিনি ভয়ে ওই সময়ে মামলা করতে পারেননি। চলতি বছরের ৬ মে কলেজ শিক্ষক খান মোহাম্মদ শহীদুল ইসলাম, সিকদার আজাহার আলীসহ বিএনপি’র ১৯ নেতা-কর্মীর নাম উল্লেখ করে কচুয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু বলেন, ‘রাজনৈতিকভাবে হয়রাণি করতে জনপ্রিয় বিএনপি নেতা সিকদার আজাহার আলীর বিরুদ্ধে একযুগ পরে একটি সাজানো মামলা করা হয়েছে।’ তিনি অবিলম্বে ওই মামলাটি প্রত্যাহার এবং আজাহার আলীর মুক্তি দাবি করেন।