GuidePedia

‘সম্প্রচার নীতিমালা : একনায়কতন্ত্র’  
নিজ দল থেকে বিচ্ছিন হচ্ছেন শেখ হাসিনা: ফখরুল
স্টাফ রিপোর্টার :
শেখ হাসিনা নিজেই তার দল থেকে বিচ্ছিন হয়ে যাচ্ছেন এবং দলীয় নেতাকর্মীরাও এখন আর তার কোনো কথা শুনছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বামসাএ) আয়োজিত ‘সম্প্রচার নীতিমালা : একনায়কতন্ত্র’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।  অর্থনৈতিকভাবে দেশকে ধ্বংসে মুখে ঠেলে দিচ্ছে সরকার এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, গোটা দেশটাকে সরকার নিজেদের নিয়ন্ত্রণে নিতে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। সম্প্রচার নীতিমালা করে গণমাধ্যমের কন্ঠরোধ করারও চেষ্টা করছে।  তিনি আরও বলেন, গণতন্ত্র থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে। গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে না। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।  বিএনপির এই মহাসচিব বলেন, সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকেই সংবিধান সংশোধনের চেষ্টা করছে। বিনা ভোটে নির্বাচিত এ সরকার বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা অবৈধ্য সংসদের হাতে তুলেছে। এর কারণ একটাই যেন কোনো বিচারপতি স্বাধীনভাবে রায় দিতে না পারে।  তিনি বলেন, দেশের জনগণকে ভয় দেখিয়ে লাভ নেই। যতই আপনারা সংবিধান সংশোধন করুন, বিএনপির নেতাকর্মীদের নামে মামলা করুন না কেন; কোনো লাভ হবে না। জনগণ আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে হটিয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।  সরকার পতন আন্দোলনে যারাই ২০ দলীয় জোটের সাথে মিলিত হবে আমরা তাদেরকে স্বাগতম জানাব বলেও জানান ফখরুল।  বামসাএ এর সভাপতি মো. শাখাওয়াত হোসেন চৌধুরীর সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে আর বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি শওকত মাহমুদ, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠা মো. জাফুরুল্লাহ প্রমুখ।
 
Top